8.07.2015

দেশে নতুন স্মার্টফোন আনল এসিআই


স্টাইলাস ব্র্যান্ডের দুটি ও একটি ফিচার ফোন দেশের বাজারে উন্মুক্ত করেছে এসিআই।স্টাইলাস ব্র্যান্ডের দুটি স্মার্টফোন ও একটি ফিচার ফোন দেশের বাজারে উন্মুক্ত করেছে এসিআই। ইতিমধ্যে দেশে ফার্মাসিউটিক্যালস, এগ্রো বিজনেস, কনজুমার ব্র্যান্ডস এবং চেইনশপ স্বপ্নের মাধ্যমে পরিচিতি পেয়েছে এসিআই।

এসিআই মোবাইলের ব্র্যান্ড ব্যবস্থাপক তাইয়েবুর রহমান প্রথম আলোকে জানান, ‘ভবিষ্যতে দেশের বাজারে সাশ্রয়ী দামের হ্যান্ডসেট আনবে এসিআই। এক হাজার থেকে ২৫ হাজারের মধ্যে এসিআইয়ের বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন পাওয়া যাবে।’
তাইয়েবুর রহমান বলেন, ‘গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে দুটি স্মার্টফোন ও একটি ফিচার ফোনের মাধ্যমে দেশের বাজারে যাত্রা শুরু করেছে এসিআই মোবাইল। এ বছরের শেষ নাগাদ ২০টি মডেলের ফোন বাজারে পাওয়া যাবে। এর পাশাপাশি দেশে ২০টি কাস্টমার কেয়ার সেন্টার স্থাপন করা হবে।’
এসিআই মোবাইলের বাজারে আনা প্রথম স্মার্টফোনটির মডেল হচ্ছে স্টাইলাস ০৬৫ যাতে রয়েছে অক্টাকোর প্রসেসর, দুই জিবি র‍্যাম ও চার হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর পাঁচ ইঞ্চি মাপের এই ফোনটির পেছনে আট ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। দেশের বাজারে এই ফোনটির দাম ১২ হাজার ৫৯০ টাকা।
স্টাইলাস ০৬৫ ছাড়াও দেশের বাজারে এসিআই এনেছে কিউ ৭৫ নামের আরেকটি স্মার্টফোন যাতে রয়েছে কোয়াডকোর প্রসেসর, এক জিবি র‍্যাম। অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ললিপপসহ ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের এই ফোনটির দাম সাত হাজার ৬৯০ টাকা। ফিচার ফোন হিসেবে এসিআই বাজারে এনেছে পি৭৬ মডেলটি। দুই ইঞ্চি জাভা, ১২৮ / ৬৪ মেমোরি সম্পন্ন মডেলটিতে ব্যবহারকারীরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। এর দাম দুই হাজার ২৯০ টাকা।
স্মার্টফোনের বাজারে অন্য ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা প্রসঙ্গে তাইয়েবুর বলেন, ‘বাজারে মানসম্পন্ন পণ্য এনে আমরা অন্য ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে চায়।’
এদিকে এক বিজ্ঞপ্তিতে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর বলেন, ‘অন্য ক্ষেত্রগুলোর মতো প্রযুক্তিক্ষেত্রেও এসিআই সফলতা পাবে বলে আশা করি। দেশের মানুষের জীবনমান উন্নয়নে স্টাইলাস ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’
এসিআইয়ের ব্যবসা ব্যবস্থাপক রফিক উদ্দিন জানান, মানসম্পন্ন পণ্য ও সর্বোচ্চ বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের সব ধরনের গ্রাহকদের প্রয়োজন বিবেচনায় রেখে প্রতিটি স্টাইলাস হ্যান্ডসেট মডেল ডিজাইন করা হয়েছে। প্রতিটি সেটের সঙ্গে এক বছরের ওয়ারেন্টি ও সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। স্টাইলাস মোবাইলের ওয়েবসাইট www.mystylusmobile.com থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।

No comments:

Post a Comment